বিনোদন রিপোর্ট
মুভ্যিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে নন্দিত নির্মাতা তারেক তারেক মাসুদের ১০ম প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মরন অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নিয়েছে। ‘তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০২১’ শিরোনামের এই আয়োজন থাকবেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।
বক্তৃতা প্রদান করবেন চলচ্চিত্র শিক্ষক, লেখক ও চলচ্চিত্র গবেষক সঞ্জয় মুখোপাধ্যায়। বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জাতিসত্ত্বা, চলচ্চিত্র ও তৃতীয় দুনিয়া’।
করোনাভাইরাসের কারণে এ আয়োজনটি অনুষ্ঠিত হবে অন্তর্জালে। আগামী ১৩ আগস্ট রাত ৮টা ৩০ মিনিটে মুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে এটি।
উল্লেখ্য, নির্মাতা তারেক তারেক মাসুদ ৬ ডিসেম্বর ১৯৫৬ সালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালের শেষ দিকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে ফিল্ম অ্যাপ্রিশিয়েশন কোর্স শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন।
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘আদম সুরত’ নামের প্রামাণ্যচিত্রটি ছিল প্রখ্যাত শিল্পী এস এম সুলতানের জীবনের ওপর। এটি নির্মাণ করতে পরিচালকের সময় লেগেছিল ৭ বছর।
এরপর তারেক মাসুদ বেশ কিছু ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০২ সালে মুক্তি পাওয়া তার ‘মাটির ময়না’ প্রথম ফিচার চলচ্চিত্র। এর জন্য তিনি ২০০২-এর কান চলচ্চিত্র উত্সবে ডিরেক্টরস ফোর্টনাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
