মারাঠি সিরিজে...

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২০:১৮

 বিনোদন রিপোর্ট

 

এদেশে ছোট ও বড় পর্দ দুটিতেই সফল একজন অভিনেতার নাম চঞ্চল চৌধুরী। এসব হিসেবে ছাড়িয়ে ওটিটি প্লাটফর্মেও তার অনবদ্য সফলতা প্রমান করেছেন। ওয়েব সিরিজ ও সিনেমায় নিয়মিত অভিনয় করছেন। চলতি বছরে সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ ‘তাকদির’-এ চঞ্চলের অভিনয় খুব প্রশংসা পেয়েছে।

এবার আরও একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল। এটি মূলত মারাঠি ভাষার জনপ্রিয় সিরিয়াল ‘তুলা পাহাতে রে’র রিমেক। ২০১৮ সালের আগস্ট থেকে ২০১৯-এর জুলাই পর্যন্ত জি মারাঠি চ্যানেলে প্রচার হয় ২৯৮ পর্বের সিরিয়ালটি। তুমুল দর্শকপ্রিয়তা পায় সিরিয়ালটি। ফলে ছয়টি ভাষায় রিমেক হয়েছে ‘তুলা পাহাতে রে’।

কন্নড়, তামিল, তেলুেগু, মালয়ালম, ওড়িয়া, পাঞ্জাবির পর এবার বাংলায় নির্মিত হচ্ছে সিরিয়ালটি। এটি প্রচার হবে ওটিটি প্লাটফর্ম জি ফাইভে। প্রাথমিকভাবে বাংলায় নাম রাখা হয়েছে ‘তবুও মনে রেখো’। আর এতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পাশাপাশি এখানে আরও দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, শবনম ফারিয়াকেও। শবনম ফারিয়া বলেন,‘কোন ভাষায় নির্মান হলো তারচেয়েও এটা বলা ভাল গল্পটা দারুণ। আর আমার সহ শিল্পীরাতো অসাধারণ। দারুণ একটি কাজ হবে বলে বিশ্বাস।’

সিরিজটি ১২০ পর্বে নির্মাণ করবেন আশিকুর রহমান। পরিচালক জানান, রিমেক হলেও ‘তবুও মনে রেখো’র গল্প নতুন করে ভাবা হয়েছে। চিত্রনাট্যেও নতুনত্ব থাকবে।