ক্রেডিট গ্যারান্টি স্কিমের ১০ শতাংশ নারীর জন্য

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:১২

ইত্তেফাক রিপোর্ট

জামানতবিহীন ছোট ঋণের জন্য বাংলাদেশ ব্যাংকে গঠিত ক্রেডিট গ্যারান্টি স্কিমের অন্তত ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষণ করতে হবে। এর আগের নির্দেশনায় ৫ শতাংশ সংরক্ষণের কথা বলা হয়েছিল। সম্প্র্রতি বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তপশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, অর্থনৈতিক উন্নয়নে নারীদের সম্পৃক্ততা বাড়াতে ২০২৪ সালের মধ্যে ব্যাংকগুলোর সিএমএসএমই খাতের মোট ঋণের অন্তত ১৫ শতাংশ তাদের মাঝে বিতরণের নির্দেশনা রয়েছে। বর্তমানে যা ৪ শতাংশ। ঋণ বাড়ানোর লক্ষ্যে এর আগে গত বুধবার অপর এক নির্দেশনার মাধ্যমে মাত্র ৫ শতাংশ সুদে ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের পুরোটাই তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়। এ তহবিল থেকে এতদিন সব ধরনের উদ্যোক্তা ৭ শতাংশ সুদে ঋণ পেতেন। সিএমএস খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা জামানতবিহীন ঋণের ঝুঁকি বহনের জন্য গত বছরের ২৭ জুলাই ২ হাজার কোটি টাকার স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের আওতায় আট হাজার ৩২০ কোটি টাকার ঋণের গ্যারান্টি দেওয়া হবে। এই স্কিমের আওতায় বিতরণ করা কোনো ঋণ খেলাপি হলে তার ৮০ শতাংশ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে পাবে সংশ্লিষ্ট ব্যাংক। এর আওতায় একজন উদ্যোক্তাকে ২ লাখ থেকে ৫০ লাখ টাকা ঋণ দেওয়া যাবে। নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বাড়াতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।