বরিশাল অফিস
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশ সমার্থক। বঙ্গবন্ধুকে ‘বঙ্গবন্ধু’ হয়ে ওঠার ক্ষেত্রে যিনি অনুপ্রেরণা যুগিয়েছেন তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। ঘর-সংসার, রাজনীতি সবই এক হাতে সামলেছেন তিনি। অত্যন্ত সাদাসিধে জীবনের অধিকারী বঙ্গমাতা নেপথ্যে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুপ্রেরণা জুগিয়েছেন। বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার অবদান অনস্বীকার্য। এখন সময় এসেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের আদর্শ এবং তার জীবনাচরণকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার। যা আমাদের আগামীর পথ চলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রেরণা জোগাবে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ওয়েবিনারে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।
