হাতিয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:২৫

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলার কাজির বাজারের ঘাটের পূর্ব পাশে হাতিয়া চ্যানেলে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। নিহত দুই জেলে হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ধরনাভাঙ্গা গ্রামের হারুন শিকদারের ছেলে সাহাব উদ্দিন (২৫) ও একই এলাকার নুরুল ইসলাম ব্যাপারির ছেলে আদম আলী (৩৫)। বজ্রপাতের শিকার নৌকার মালিক হারুন শিকদার মুঠোফোনে জানান, বজ্রপাতের সময় নৌকায় থাকা তার ছেলে সাহাব উদ্দিনসহ দুই জন মারা গেছেন। নৌকাটি রাত ১টার সময় নিহতদের নিয়ে মেহেন্দিগঞ্জ পৌঁছে। এই ঘটনায় আহত সেন্টু ব্যাপারি ও ছাইফুল হাওলাদার নামে দুই জেলের অবস্থা এখনো স্বাভাবিক হয়নি।  এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, বজ্রপাতে দুই জেলের মৃত্যুর খবর শুনেছি। নৌ-পুলিশকে বিষয়টি দেখার জন্য বলেছি।