ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
ঝিকরগাছা-বাঁকড়া সড়কের বল্লা কলোনী নামক স্থানে রবিবার সন্ধ্যায় পিকআপের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বাবা জোহর আলী (৫৫) ও ছেলে আক্তারুজ্জামান (৩০) মটর সাইকেলযোগে ঝিকরগাছা আসছিলেন। বল্লা কলোনী পাড়া আসলে বিপরীতমুখী পিকআপের সংঘর্ষে তারা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জোহর আলীকে চিকিত্সক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আক্তারুজ্জামান যশোর ২৫০ শয্যা হাসপাতালে রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।
লোহাগাড়ায় ট্রলি চালকের পা বিচ্ছিন্ন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মো. জসিম উদ্দিনের (৪২) পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার রাত ১০টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলামবারী হাজীপাড়ার জুহি মেটাল অ্যান্ড স্টিল হাউজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত ট্রলি চালক মো. জসিম উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, ট্রাক ও ট্রলি হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
