গ্রেফতার তিন
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে এক নারীকে অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ঐ নারীর দুলাভাই বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে দুপুরে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ডিজি কেয়ার নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে ঐ নারীকে অপহরণ করা হয়। পরে রাতে মামলা দায়েরের পর তাকে উদ্ধার ও তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—শহরের কামাতপাড়া এলাকার মো. নুরুজ্জামান, মো. তারেক হোসেন ও মো. ফরহাদ হোসেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিয়া জানান, অপহরণ ও মুক্তিপণের অভিযোগে রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ নারীকে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
