বরিশাল অফিস
বরিশালে পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর বৈদ্যপাড়া ও সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, রাতে নগরীর বৈদ্যপাড়া থেকে ২০ বোতল ফেনসিডিলসহ মাসুম খান বুলেট নামে এক জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন ডিবির এসআই সুজিত গোমস্তা। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকা থেকে রাসেল তালুকদার নামে অপর এক জনকে ১২২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার বসতঘরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ। সে ঐ এলাকার করিম তালুকদারের ছেলে। এ ঘটনায় এসআই সামসুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
