কুমিল্লায় ট্রাকভর্তি কাঠ জব্দ চার পাচারকারী গ্রেফতার

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:২৬

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিপুল পরিমাণ সেগুন কাঠ পাচারকালে চার জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় কুমিল্লা বন বিভাগ এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বন বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল করিম। গ্রেফতারকৃতরা হচ্ছে— চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা গ্রামের স্থানীয় ইউনিয়নের সাবেক মেম্বার মো. নুরুল আবছার, একই গ্রামের মো. আজিম, ফটিকছড়ির ইসলামপুর গ্রামের মো. বেলাল হোসেন ও খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার কালাপানি গ্রামের মো. হালিম। কুমিল্লা বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সুয়াগাজী স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদের নেতৃত্বে মহাসড়কের সুয়াগাজী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪০০ ঘনফুট সেগুন কাঠ জব্দ করাসহ চার পাচারকারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৮ লাখ টাকা। এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।