সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:২৬

হোমনায় মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা চার মাদক মামলার পলাতক আসামি ওমর আলীকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার লটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওমর আলী লটিয়া গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা থানার চারটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা গত কয়েক বছর যাবত্ হোমনা থানায় তামিলের অপেক্ষায় ছিল। দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সোমবার ওমর আলী লটিয়া গ্রামে আসে। পরে গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের  মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

সুরক্ষাসামগ্রী হস্তান্তর

চাঁদপুর প্রতিনিধি আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দেওয়া স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ ও সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লার মাধ্যমে ২২টি সংগঠনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদ সুজিত রায় নন্দী। সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিল অক্সিজেন সিলিন্ডার, হাইফ্লো নজেল ক্যানলা, হ্যান্ড স্যনিটাইজার, পিপি ও মাস্ক।

সেলাই মেশিন বিতরণ

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাতটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছানোয়ার হোসেন প্রমুখ।

ঢেউটিন ও চেক বিতরণ

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় ও দুস্থদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।

জেলা প্রশাসক সাংবাদিক মতবিনিময়

নেত্রকোনা প্রতিনিধি সোমবার সকালে জেলা প্রশাসক কাজী মো. অবদুর রহমানের সঙ্গে নেত্রকোনার মহামারি করোনা পরিস্থিতি, টিকা প্রদান, রাজস্ব আদায়সহ জেলার সার্বিক উন্নয়ন ও সাম্প্র্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নেত্রকোনার সার্বিক উন্নয়নের গৃহীত নানা পরিকল্পনা ভিডিও চিত্রের মাধ্যমে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ্ আল মাহমুদ।

স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে এসব সিলিন্ডার সরবরাহ করা হয়। অক্সিজেন সিলিন্ডার সরবরাহ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় শহিদ আফজাল মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন।

শোক দিবস পালনে প্রস্তুতি সভা

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত্বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে তালায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার। বিশেষ অতিথি ছিলেন তালা থানার ওসি মো. মেহেদী রাসেল।

 

 

০