জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ কয়েকটি সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বেশকিছু জায়গায় সৃষ্টি হয়েছে বিশাল গর্ত। বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে যান চলাচলে দেখা দিয়েছে মারাত্মক ঝুঁকি। মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের। গতকাল সকাল থেকেই বৃষ্টি হওয়ায় বিশ্ববিদ্যালয়ে সড়কের খানাখন্দে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে খানাখন্দ দেখতে না পেয়ে ভ্যান নিয়ে ঘাস সংগ্রহে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারসংলগ্ন সড়কে দুর্ঘটনায় পড়েন দুই পথচারী। সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, টিএসসি, অমর একুশ ও ব্যবসায় শিক্ষা অনুষদসংলগ্ন সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শহিদ মিনারের সংযোগ সড়ক ও বটতলা থেকে গেরুয়ার সংযোগ সড়কে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। যেখানে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনীয় অফিসগুলো খোলা থাকছে। এ ছাড়া করোনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা অনলাইন মাধ্যমে চলছে। তবে টিউশনি ও চাকরির প্রস্তুতি নেওয়ায় অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসের আশপাশেই অবস্থান করছেন। ফলে ক্যাম্পাসে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদেরও যাতায়াত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের সড়কের এমন বেহাল দশায় দুর্ভোগে পড়ছেন তারা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) ও বর্তমানে পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা মো. আহসান হাবীব ইত্তেফাককে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। লকডাউন না থাকলে এতদিনে সেগুলো মেরামত করতে পারতাম। তবে আশা করছি, দুয়েক দিনের মধ্যেই খানাখন্দগুলো মেরামত করতে পারব। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছি।’
