টিকা নিয়ে বিএনপির অপপ্রচার জনস্বার্থবিরোধী প্রচারণামূলক অপরাধ :তথ্যমন্ত্রী

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৩৭

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, করোনার টিকা নিয়ে বিএনপির অপপ্রচার জনস্বার্থবিরোধী প্রচারণামূলক অপরাধ। গতকাল দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে টিকা নিয়ে শুরু থেকে বিএনপির সমালোচনার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মোকাবিলার এখন পর্যন্ত একমাত্র পথ। এ কারণে জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই টিকার বিরুদ্ধে যখন অপপ্রচার হয় সেটা সরকারের বিরুদ্ধে নয়, জনস্বার্থের বিরোধী। অর্থাত্ মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ এই টিকার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা জনস্বার্থবিরোধী কাজ করছেন এবং জনস্বার্থবিরোধী অপপ্রচার যদি কেউ চালায় সেটা বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

টিকা দলীয়করণের বিষয়ে প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘রাজনীতি হচ্ছে একটা ব্রত এবং জনগণের কল্যাণের জন্যই রাজনীতি। বিএনপির কাছে অবশ্যই তা নয়। বিএনপির রাজনীতির ব্রত হচ্ছে ভিন্ন। আমাদের নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা করোনা ভাইরাস বাংলাদেশে দেখা দেওয়ার পর থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের যে আহ্বান জানিয়েছিলেন তাতে আওয়ামী লীগের জাতীয় সংসদ সদস্য থেকে শুরু করে একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জনগণের পাশে থেকেছেন। দলের পক্ষ থেকে ২ কোটির বেশি পরিবারকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পাঁচ জন সদস্যসহ সহস্রাধিক নেতাকর্মী ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আওয়ামী লীগের ১৩০ জনের বেশি সংসদ সদস্য, মন্ত্রিসভার এক-তৃতীয়াংশের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন। এগুলো জনগণের পাশে থাকতে গিয়ে হয়েছে।’