ইত্তেফাক রিপোর্ট
সব সংস্থাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নত ঢাকা গড়ে তুলতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ‘ঢাকা মহানগর সমন্বতি মহাপরিকল্পনা (২০২০-২০৫০) প্রণয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও কর্মশালায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন। মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘এরই মাঝে বিভিন্ন সংস্থা বিশেষ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা, বিটিসিএলসহ অন্যান্য সংস্থা যেসব পরিকল্পনা নিয়েছে, সেগুলোকে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে চাই। একটি উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে ঢাকাকে গড়ে তুলতে আমরা যে স্বপ্ন দেখি, তা পূরণে সকলে সমন্বিতভাবে এগিয়ে যেতে চাই।
প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাশিদুর রহমান, বিটিসিএল মহাপরিচালক ড. রফিকুল মতিয়া, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সৈয়দ নুরুল ইসলামসহ বিআইডব্লিউটিএ, বাংলাদেশ রেলওয়ে, সড়ক ও জনপথ বিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
