স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত টিকা দিলেন মেয়র

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৩৮

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরাসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা এক ব্যক্তিকে করোনার টিকা দিচ্ছেন এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এতে  সমালোচনার ঝড় ওঠে। তবে মেয়র এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সেটা ছিল  ফটোসেশন।  বিষয়টি নিয়ে নানাজন নানা মন্তব্য করছেন। কেউ কেউ বলেন, করোনার  টিকার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল ও জনগুরুত্বপূর্ণ। এটা তামাশার কোন বিষয় নয়। আবার কেউ কেউ বলেন, সস্তা জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে মেয়র সেটি করে থাকলেও বিষয়টিকে খাটো করে দেখার সুযোগ নেই। আবার অনেকেই মনে করছেন অভিনয় বা বাস্তব যাই হোক না কেন জনস্বার্থে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা উচিত।