বঙ্গবন্ধুর দূরদর্শিতায় নিশ্চিত হয়েছে জ্বালানি নিরাপত্তা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২১:৩৮

আওয়ামী লীগের ওয়েবিনারে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী রাজনৈতিক চিন্তাধারার কারণেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এর ফলেই  দেশের মানুষ এখনো স্বল্পমূল্যে জ্বালানি ব্যবহার করতে পারছে। গতকাল জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ও সিআরআই-এর সহযোগিতায় ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় বঙ্গবন্ধুর অবদান : বর্তমান প্রেক্ষিত এবং ভবিষ্যত্ পরিকল্পনা’ শীর্ষক এক বিশেষ ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, এমপি। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি। ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. সেলিম মাহমুদ এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বেগম রুখসানা নাজমা ইসহাক। সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপকমিটির সদস্য প্রকৌশলী মো. রনক আহসান।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘জ্বালানি শক্তিকে আরো বিকশিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার দেখানো পথ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন। দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুতের যে প্রতিশ্রুতি আমরা নির্বাচনের সময় দিয়েছিলাম তা পূরণ করতে পেরেছি। আমরা এখন কাজ করছি সারা দেশে দ্রুততম সময়ে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন নিশ্চিত করতে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জাতির পিতা পাঁচটি গ্যাস ক্ষেত্র ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই আজ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হয়েছে। বর্তমানে যে উন্নয়ন দেখা যাচ্ছে তা বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’

স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, ১৯৭৫ সালে ৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫টি গ্যাস ক্ষেত্র নামমাত্র মূল্যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড। এর ওপর ভিত্তি করেই এখন দাঁড়িয়ে আছে দেশের জ্বালানি খাত।