গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে জুতা তৈরির এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার উত্পাদিত জুতা ও জুতা তৈরির কাঁচামালসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, গতকাল সকাল ৮টার দিকে নগরীর বাঙালগাছ এলাকায় স্টেপ ফুটওয়্যার নামে জুতা তৈরির একটি কারখানার তিনতলা ভবনের দ্বিতীয় তলার অফিস কাম স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাত্ক্ষণিকভাবে আগুনের সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ব্যাপক তদন্ত ছাড়া আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ব্যাপারে কারখানার ম্যানেজার মোস্তফা জামিল জানান, আগুনে তাদের কারখানার জুতা, জুতা তৈরির কাঁচামাল, জুতা রাখার ব্যাগ, পলিথিন, কার্টুন, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, আসবাবপত্র, কম্পিউটার পুড়ে যায়।
