ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম বারের মতো ভারত থেকে বাংলাদেশে গম আমদানি শুরু হয়েছে। রবিবার ৩০টি ট্রাকে প্রায় ৫০০ টন গম আগরতলা বন্দর থেকে বাংলাদেশে প্রবেশ করে। পর্যায়ক্রমে বাকি গম আসবে।
এই মালের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আক্তার হোসেন বলেন, রাজশাহীর মেসার্স বিসমিল্লাহ ফ্লাওয়ার মিল ভারত থেকে ১৩২০ টন গম আমদানির চুক্তিপত্র করেছে। ভারতের কলকাতার মেসার্স ব্রিজ কিশোর প্রসাদ গমগুলো রপ্তানি করেছে। ভারতের উত্তর প্রদেশ থেকে মালবাহী ট্রেনে করে গমগুলো ত্রিপুরার আগরতলায় পৌঁছে। রবিবার ৩০ ট্রাক গম বাংলাদেশে এসেছে। বাকিগুলো পর্যায়ক্রমে আনা হবে।
আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান বলেন, এই গম আমদানি থেকে প্রায় ১ লাখ টাকা বন্দরের মাশুল আদায় হবে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা প্রমুখ।
