যশোরের চৌগাছায় এক শীর্ষ সন্ত্রাসীসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো দা, ১শ বোতল ফেনসিডিল, একশ গ্রাম হেরোইন, একশ গ্রাম গাজা ও মাদক সেবনের বিপুল সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো, উপজেলার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ফুলসার ইউনিয়নের আফরা গ্রামের মঙ্গল কসাইয়ের ছেলে টিটো ওরফে ঘ্যানা টিটো এবং একই গ্রামের ইরমান গাজীর ছেলে মনজেল গাজী। আটক টিটোর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চৌগাছাসহ বিভিন্ন থানায় দশটির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি। সন্ত্রাসী টিটো বিদেশি পিস্তল ও মাদকসহ আগেও ডিবি পুলিশের কাছে একাধিকবার আটক হয়।
চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই এসএম আকিকুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিবের নেতৃত্বে এসআই আকিকুল, শাহিনুর রহমান, সালাউদ্দিনসহ চৌগাছা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আফরা এলাকার হাশেমের চাতালের পাশে আনোয়ার আলীর ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।’ তিনি জানান এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুনঃ বাহুবলে প্রশ্ন ফাঁসের অপরাধে শিক্ষককে ২ বছরের কারাদণ্ড
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইত্তেফাক/নূহু
