বরিশাল অফিস
করোনার প্রভাবে দেশ জুড়ে চলমান লকডাউনে একমাত্র উপার্জনের পথ খাবার হোটেল বন্ধ থাকায় নিঃস্ব হয়েছেন দেশের সফল প্রতিবন্ধী সেলিম মিয়া। বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সেলিম মিয়া ২০১৮ সালে দেশের সফল প্রতিবন্ধী হিসেবে পুরস্কৃত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করেন পুরস্কার। করোনার প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দেশ জুড়ে লকডাউনে প্রতিবন্ধী সেলিম মিয়ার সফল জীবন তছনছ হয়ে যায়। করোনার প্রভাবে ছোট্ট ব্যবসা চালু রাখতে না পারায় দিনে দিনে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। এর পাশাপাশি শারীরিক অসুস্থতাও আরো চেপে ধরে তাকে। উপার্জনের সব রাস্তা যখন বন্ধ হয়ে যাওয়ায় সেলিম মিয়া সরকারি একটি ঘর (প্রধানমন্ত্রীর উপহার) ও খাদ্যসহায়তার পাশাপাশি আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আকুতি জানান।
সমাজ সেবা অধিদপ্তরের বরিশালের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, ইতিমধ্যে তার চিকিত্সার জন্য নগদ ৫ হাজার টাকা এবং পরিবারের জন্য খাদ্যসহায়তা প্রদান করেছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি আরো জানান, বরিশাল সমাজ সেবার সহযোগিতায় ২০১৫ সালে ছোট আকারে খাবার হোটেল ব্যবসা চালু করেন সেলিম মিয়া। সেখানে দ্বিতীয় স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, ইতিমধ্যে সেলিম মিয়াকে চিকিত্সার জন্য নগদ অর্থ ও প্রধানমন্ত্রীর খাদ্য উপহার প্রদান করা হয়েছে। এছাড়াও সেলিম মিয়ার যাবতীয় চিকিত্সার দায়িত্ব এবং প্রধানমন্ত্রীর উপহারের ঘর প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
