রুবেল কি ফুরিয়ে যাচ্ছেন?

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:০৮

সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। নির্ভার বাংলাদেশ টানা চার ম্যাচে একই একাদশ খেলিয়েছে। গতকাল শেষ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। ব্যর্থতার কারণে তুমুল সমালোচনার তোপে থাকা দুই ওপেনার সৌম্য সরকার, নাঈম শেখকে একাদশে ধরে রেখেছে বাংলাদেশ। যদিও সৌম্যকে ওপেনিং থেকে সরানো হয়েছে, ব্যাটিং অর্ডারে নিচে পাঠানো হয়েছে তাকে।

অনেক অপেক্ষা শেষে গতকাল মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তারা একাদশে আসায় বাদ পড়েছেন শামীম পাটোয়ারি ও শরীফুল ইসলাম। যার ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ম্যাচ খেলারই সুযোগ পেলেন না মোহাম্মদ মিঠুন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

টানা একাদশের বাইরে থাকায় চার ক্রিকেটারের মধ্যে সবচেয়ে বেশি আক্ষেপ, দুশ্চিন্তায় পড়ার কথা রুবেলের। ডানহাতি এ পেসার পরপর দুটি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ পেলেন না। একই অবস্থার মুখে পড়েছেন অবশ্য তাইজুলও। তবে ৩১ বছর বয়সি রুবেলের জন্য এটি চিন্তার খবরই বটে।

মুস্তাফিজুর রহমানের সঙ্গে তাসকিন, সাইফউদ্দিন, শরীফুলের মতো তরুণ পেসারদের ভিড়ে রুবেল যেন হারিয়ে যাচ্ছেন! ম্যাচের পর ম্যাচ যায়, সিরিজের পর সিরিজ যায়, সাইড বেঞ্চ থেকে ২২ গজে বোলিংয়ের সুযোগ মিলছে না ডানহাতি এ পেসারের। তবে কি ফুরিয়ে যাচ্ছেন রুবেল?

সম্প্রতি শুধু ওয়ানডে দলেই বিবেচনা করা হয় অভিজ্ঞ এ পেসারকে। এই ফরম্যাটেও একাদশে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। চলতি বছরে বাংলাদেশ দল খেলেছে ১২ ওয়ানডে। যার মধ্যে মাত্র তিনটি ম্যাচ খেলছেন রুবেল, উইকেট পেয়েছেন তিনটি। নিউজিল্যান্ড সফরে একটি টি-২০ ম্যাচ খেলেছিলেন। অকল্যান্ডে ঐ ম্যাচে ২ ওভারে দিয়েছিলেন ৩৩ রান। এর আগের টি-২০ ম্যাচটা খেলেছেন ২০১৮ সালের আগস্টে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের টি-২০ দলে অবশ্য পরিস্থিতির কারণেই রাখা হয়েছে রুবেলকে। জিম্বাবুয়ে সফরে ভিসা জটিলতার কারণে কিছুটা পরে গিয়েছেন। সুযোগ পাননি কোনো ম্যাচেই। ঢাকায় ফিরেও একই পরিস্থিতি। দলের সঙ্গে থাকা, হোটেলে অবস্থান, অনুশীলনের মধ্যেই সিরিজ কেটে গেল রুবেলের।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকতো না রুবেলের নাম। কারণ টি-২০-র বিবেচনায় তিনি নেই।

বাংলাদেশের একাদশে রুবেলের অনিয়মিত হয়ে পড়া সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এটা তো টিম ম্যানেজমেন্ট ঠিক করে। যখন যাকে দরকার হয়, খেলায়। কন্ডিশন বিবেচনায় কম্বিনেশন হয়। এ সিরিজে সেরা দলটা নিয়েই এগিয়েছে টিম ম্যানেজমেন্ট।’