চার ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:০৯

প্রিমিয়ার ফুটবলে বসুন্ধরা কিংস আবারও চ্যাম্পিয়ন হয়েছে। এবার চার ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা। এবার তাদের টার্গেট হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়া। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলে বসুন্ধরা কিংস হবে পেশাদার লিগের দ্বিতীয় দল, যারা হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বাদ পাবে। প্রথম হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী।

গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করে। এই জয়ের ফলে বসুন্ধরা কিংস ২০ খেলায় (১৮ জয়, ১ ড্র, ১ হার) ৫৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। তাদের হাতে এখনো চার ম্যাচ রয়েছে। আরামবাগ, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব এবং আবাহনীর বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে। এই চার ম্যাচ হেরে গেলেও বসুন্ধরার ক্ষতি নেই। শিরোপা ঘরেই থাকেব। পয়েন্ট টেবিলে বসুন্ধরার পেছনে থাকা শেখ জামাল এবং আবাহনী তাদের সব ম্যাচ জিতলেও ৫৫ পয়েন্ট হবে না, ১ পয়েন্ট ব্যবধান থাকবেই। হাফ ডজনের বেশি জাতীয় দলের ফুটবলার এই দলটিতে খেলছেন। সঙ্গে আছেন ব্রাজিল, আর্জেন্টিনা থেকে আসা ভালো মানের ফুটবলার। সব মিলিয়ে বসুন্ধরার শক্তির কাছে সবাই পিছপা হতে বাধ্য হয়েছে। যে কোনো খেলায় নেমে বসুন্ধরা ছিল অপ্রতিরোধ্য একটি দল। চ্যাম্পিয়ন হতে সেটা বুঝাই যাচ্ছিল আর প্রতিপক্ষ আবাহনী ছাড়া অন্যকোনো দলও বসুন্ধরাকে টপকে যাওয়ার জন্য দল গঠনেও খুব একটা মনযোগী ছিল না। বসুন্ধরার একমাত্র হারটি আবাহনীর বিপক্ষে। এছাড়া বসুন্ধরা এক তরফাভাবেই সব জিতে আসছিল। 

গতকাল বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরার শিরোপা জয়ের ম্যাচে দর্শক ছিল না। আগের বার তারা দর্শক এনেছিল মাঠে। এবার করোনার কারণে উত্সব হলো না। ফাঁকা স্টেডিয়ামে খেলোয়াড়রা নিজেরা গলা ফাটিয়ে শিরোপা জয়ের উত্সব করে গেছেন। অধিনায়ক তপু বর্মণ বললেন, ‘১১ মাস আমরা পরিশ্রম করেছি এই ট্রফির জন্য। সেটা পেয়ে সফল হয়েছি। এই ট্রফিটা আমাদের দরকার ছিল কারণ আগামী বছর আমাদের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ আছে।

লিগের বসুন্ধরার আরেকটি ম্যাচ বৃস্পতিবার আরামবাগের বিপক্ষে। বাকি তিনটি ম্যাচ পরে হবে। কারণ বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে মালদ্বীপ যাবে। সেখানে ডি গ্রুপের খেলা। বসুন্ধরার প্রতিপক্ষ ভারতের এটিকে মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলসের বিপক্ষে প্লেঅফ জয়ী দলটি বসুন্ধরার গ্রুপে ঢুকবে।  ১৮ আগস্ট মাজিয়ার বিপক্ষে বসুন্ধরার প্রথম ম্যাচ। 

আবাহনী জিতেছে

জুয়েলের হ্যাটট্টিকে

বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত খেলায় আবাহনী ৬-১ গোলে হারিয়েছে আরামবাগকে। এই ম্যাচে হ্যাটট্টিক করেছেন জুয়েল রানা। নাইজেরিয়ান সানডে, ফয়সাল এবং সোহেল রানা একটি করে গোল করেন। আরামবাগের গোলটি করেন উজবেক ফুটবলার দিলশোদ নাজিরভ।

আজকের খেলা :

শেখ রাসেল-সাইফ স্পোর্টিং। চট্টগ্রাম আবাহনী-পুলিশ। ২টা ও ৪.১৫। বঙ্গবন্ধু স্টেডিয়াম।

মোহামেডান-ব্রাদার্স। ৪টা। বনানী, আর্মি স্টেডিয়াম।