কান্তাজ এয়ারলাইনসের বিমানটা গতকাল ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। গতকাল সোমবার মধ্যরাতেই আবার অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নিয়ে ঢাকা ছেড়েছে বিমানটি। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গত ২৯ জুলাই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়ানরা। গতকাল সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলে রাত ১টায় একই ব্যবস্থায় ফিরে গেছে ম্যাথু ওয়েড বাহিনী।
করোনাকালে অনেক শর্ত, বিধিনিষেধ সঙ্গী করে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। বিসিবি অবশ্য আতিথ্য দিতে কার্পণ্য করেনি। তাদের চাহিদামতো সব কিছু সরবরাহ করেছে বিসিবি। ২২ গজের লড়াইয়ে সুবিধা করতে না পারলেও সিরিজ জুড়ে কঠোরভাবে জৈব সুরক্ষা বলয় মেনে চলেছে সফরকারীরা। টিম হোটেলের কর্মীদের সাহায্যও খুব একটা নেয়নি তারা। এমনকি নিজেদের হোটেল রুম, টয়লেট তারা নিজেরাই পরিষ্কার করেছে। বলা চলে বাংলাদেশিদের সরাসরি সাহায্য ছাড়াই সফর শেষ করে চলে গেল অস্ট্রেলিয়া।
শীর্ষস্থানীয় কয়েক জন ক্রিকেটার ছাড়া সফরে আসা অজিদের বড়সড় ধাক্কাই দিয়েছে বাংলাদেশ। বিরুদ্ধ কন্ডিশনে সিরিজের প্রথম তিনটি ম্যাচই হেরেছিল অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কাছে সিরিজ হারের তিক্ততা হজম করেছে অস্ট্রেলিয়ানরা।
