আরো একবার লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদো যুদ্ধের সাক্ষী হতে আশায় বুক বেঁধে ছিলেন ফুটবল ভক্তরা। কিন্তু মেসির বার্সেলোনা ছাড়ার খবরে সব আশাই মাটি হয়ে যায়। অনিচ্ছা সত্ত্বেও লা লিগার অর্থনৈতিক অবকাঠামোর কারণে বার্সার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টানেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত পরশু তার বিদায়ি সংবাদ সম্মেলন দেখে চোখে পানি আসেনি এমন বার্সা ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। সেদিনই জুভেন্তাসকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের মাধ্যমে মেসিহীন যুগের শুরু করে কাতালানরা। এস্তাদি ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৩ মিনিটেই নতুন সাইনিং মেমফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির আগে ম্যাচে ফিরতে অনেক বার চেষ্টা করেও সফল হয়নি রোনালদোর জুভেন্তাস, এমনকি বিরতির পরেও না। তাই ৫৭ মিনিটে মার্টিন ব্রাথওয়েট ও শেষ মিনিটে রিকি পুজের গোলে দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছাড়ে রোনাল্ড কুম্যান শিষ্যরা। প্রতি মৌসুমের শুরুতে ক্লাব প্রতিষ্ঠাতা হোয়ান গাম্পারের নামে একটি ম্যাচ খেলে। সেই ধারাবাহিকতায় এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব জুভেন্তাসকে আমন্ত্রণ জানায় তারা। ম্যাচটিতে উপস্থিত না থেকেও যেন ছিলেন। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলা দেখতে আসা প্রায় ৩ হাজার দর্শকের মুখে শুধু তারই নাম। তা দেখে থাকলে নিশ্চয়ই মন কাদছিল মেসির!
