পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের সঙ্গে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে। এতে কেউ আহত হয়নি বলে বিআইডব্লিউটিসি জানায়। তবে কর্তৃপক্ষ পদ্মা সেতুর পিলার ও ফেরির কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানাতে পারেনি। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে প্রচণ্ড স্রোতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। পদ্মার প্রচণ্ড স্রোতে পানির টানে এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
