পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা লাগে বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের। প্রচণ্ড ধাক্কায় ফেরিতে থাকা একটি ট্রাক এক প্রাইভেট কারকে চাপা দেয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই জন আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ফেরিটি মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে প্রচণ্ড সে াতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়। বিআইডব্লিউটিসির ম্যানেজার সাফায়েত হোসেন জানান, ফেরিটিতে প্রাইভেট কারসহ ছোট আকারের ১৬টি যান ও ১১টি ট্রাক এবং বেশ কিছু যাত্রী ছিল।
দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটির তলদেশ ফেটে গিয়ে পানি উঠতে থাকে। সে অবস্থাতেই ফেরিটি দ্রুত শিমুলিয়া ২ নাম্বার ঘাটে এসে নোঙর করে। তলব করা হয় ফায়ার সার্ভিসকে। বিশেষ ব্যবস্থায় পাম্প লাগিয়ে পানি অপসারণ এবং একই সঙ্গে ফেরির তলের ফেটে যাওয়া অংশ মেরামতের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে রেকার তলব করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে শাহজালাল নামে একটি রো রো ফেরির ধাক্কা লেগে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ফেটে যায় ফেরির তলদেশ। ঐ ঘটনায় মাদারীপুর থানায় জিডি করা হয়েছিল এবং ফেরি মাস্টার ও সুকানিকে সাময়িক বরখাস্ত করা হয়।
