শুরুতেই ট্রেনের টিকিট পেতে ভোগান্তি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩২

বিধিনিষেধ শিথিল হওয়ায় ১১ আগস্ট থেকে ঢাকাসহ সারা দেশে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আর এটা সামনে রেখে গতকাল সোমবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়নি। আগের ঘোষণা অনুযায়ী সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন  রেলস্টেশনে। কাউন্টারে ৫০% ও অনলাইন ও অ্যাপে  বাকি ৫০% টিকিট বিক্রি করা হবে।

করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত ২৩ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুই সপ্তাহেরও বেশি সময় বন্ধ থাকার পর ট্রেন চালুর খবরে অনেকে অপেক্ষায় ছিলেন অনলাইনে টিকিট কাটার। কিন্তু গতকাল সকাল থেকে অনেকে অনলাইনে চেষ্টা করে টিকিট কাটতে পারছিলেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লাইনে যারা দাঁড়িয়ে ছিলেন তাদেরও টিকিট দেওয়া হয়নি সকাল ৯টা পর্যন্ত। পরে ৯টা ৫ মিনিটে টিকিট বিক্রি শুরু হয়।

সকাল সাড়ে ৮টার দিকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা মনিরুজ্জামান নামে এক জন বলেন, ভোর ৬টায় এসে টিকিট কেনার জন্য দাঁড়িয়েছিলাম। ৮টার সময় কাউন্টার খুলেছে, কিন্তু সার্ভার জটিলতার কারণে টিকিট দেয়নি। আর সকাল ৮টার পর টিকিটের জন্য নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রবেশের পর অনেক টিকিটপ্রত্যাশী ‘নো ট্রেন ফাউন্ড’ দেখতে পান।

এমন এক জন টিকিটপ্রত্যাশী রাজধানীর বাসাবোর বাসিন্দা নয়ন সিকদার বলেন, সকাল ৮টা থেকে চেষ্টা করে  ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রবেশ করতে পারছিলাম না। ১৪ আগস্ট ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য তিনটি টিকিট সংগ্রহের চেষ্টা করেছি। কিন্তু ঢুকতে পারিনি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট কাটার জন্য কমপক্ষে ১০ বার চেষ্টা করেছি। কিন্তু ঢুকতে পারিনি। তিনি ঢাকা থেকে আগামী ১৫ আগস্ট চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনের টিকিট সংগ্রহের চেষ্টা করছিলেন। তিনি বলেন, কাউন্টারে প্রচণ্ড ভিড় হবে, তাই অনলাইনে টিকিট সংগ্রহের চেষ্টা করছিলাম।

এসব অভিযোগের ব্যাপারে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেন, বিপুলসংখ্যক টিকিটের চাহিদার বিপরীতে সবসময়ই টিকিট কম থাকে। এ কারণে নিয়মকানুন জেনে ও ধৈর্য সহকারে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটপ্রত্যাশীদের।