করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ী অর্ধেক বাস চলার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়েছে পরিবহন মালিক সমিতি। সেই সঙ্গে সংগঠনটির দাবি, সড়কে অর্ধেক বাস চললে যাত্রীর চাপ বাড়বে। এতে সংক্রমণ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ শিথিল করে আগামী ১১ আগস্ট থেকে গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, গাড়ির আসনসংখ্যার সমানসংখ্যক যাত্রী, অর্থাত্ যত সিট তত যাত্রী নিয়ে চলাচল করবে। এর জন্য আমরা সরকারের নির্দেশনা মেনেই বর্ধিত ভাড়া না নিয়ে আগের ভাড়ায় গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকাসহ দেশের সব পরিবহন মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু প্রজ্ঞাপনের একটি অংশে বলা হয়েছে, মোট পরিবহনসংখ্যার অর্ধেক চলাচল করবে। এক্ষেত্রে এক মালিকের কয়টি গাড়ি আছে বা কতটি গাড়ি চলাচল করছে, দেশব্যাপী বিষয়টি নির্ণয় করা একদিকে যেমন কঠিন হবে, অন্যদিকে শ্রমিকেরাও বেকার থাকবেন। তাদের কষ্ট লাঘব হবে না। মালিকেরাও ব্যাবসায়িকভাবে চরম ক্ষতিগ্রস্ত হবেন। তাছাড়া দীর্ঘদিন পরে গাড়ি চালু হবে, যার একটি মাত্র গাড়ি আছে তার অবস্থা কী হবে? এসব দিক বিবেচনা করে মোট পরিবহনসংখ্যার অর্ধেক গাড়ি চলাচলের সিদ্ধান্ত পরিবর্তন করে সব গাড়ি চলাচলের সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
