চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এক শিশুসহ বাংলাদেশী আট নারী-পুরুষকে পুশব্যাক করেছে। বিজিবি সদস্যরা বুধবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে তাদেরকে গ্রেফতার করে বৃহস্পতিবার জীবননগর থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, ভারতে দীর্ঘ ছয় মাস কারাবাসের পর বিএসএফ তাদের ফেরত দিয়েছে।
জীবননগর থানা সূত্র জানায়, উপজেলার মেদিনীপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বুধবার গভীর রাতে হরিহরনগর সীমান্ত এলাকায় টহলরত ছিলো। এসময় সীমান্তের মেইন পিলার ৬২/৯-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর ফাঁসতলা মাঠ দিয়ে ভারতীয় বিএসএফ কর্তৃক পুশব্যাক হয়ে আসা শিশুসহ বাংলাদেশী আটজন নারী-পুরুষকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর জেলার মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের হরিচাঁদ মল্লিকের ছেলে শ্রী সঞ্জয় কুমার মল্লিক (২৩), শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মোক্তার হোসেন সর্দারের ছেলে আরব আলী সর্দার (২৭), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের সৈয়দ আলী মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (৩৬), সদর উপজেলার রেজাউল হকের মেয়ে মৌসুমী খাতুন (২০), নড়াইল জেলার কালিয়া উপজেলার চালিতলা গ্রামের শাফিউদ্দিনের ছেলে রবিউল মোল্লা (৩৫), রবিউল মোল্লার স্ত্রী সামর্থ বিবি (২৭) ও শিশু কন্যা মরিয়ম (৫) এবং বৃষ্টিপুর গ্রামের নাহিদ শেখের স্ত্রী পিংকী শেখ (২৭)।
আরো পড়ুন: দেশের সবচেয়ে বড় সমুদ্র জাহাজ রফতানি হলো জার্মানিতে
জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিজিবি মামলাসহ একজন শিশু ও আটজন নারী-পুরুষকে থানায় সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/অনি
