গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় বন্দি এক হাজতির মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় রবিবার রাতে হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঐ হাজতির নাম শরিফুল ইসলাম হিজু (৩৫)। তিনি যশোর জেলার চৌগাছা থানার হাঘাটি চান্দ্রাপাড়া গ্রামের মৃত আসমত আলীর ছেলে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ জানান, ঢাকার দক্ষিণখান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ২০১৮ সালের ২৯ মে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে নেওয়া হয় শরিফুল ইসলামকে। সেখান থেকে একই বছরের ২০ জুলাই তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। রবিবার রাত ৮টার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাত্ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিত্সক পরীক্ষা-নিরীক্ষা করে শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
