জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় সভাপতিত্ব করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় সামুদ্রিক নিরাপত্তা বৃদ্ধি ও অবাধ বাণিজ্যের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য পাঁচটি মূলনীতির প্রস্তাব দিয়েছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে নিরাপত্তা পরিষদের সভায় সভাপতিত্ব করেন মোদি। নিরাপত্তা পরিষদে এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সভাপতিত্ব করার ঘটনা। সভায় নরেন্দ্র মোদি আন্তর্জাতিক আইন মোতাবেক শান্তিপূর্ণভাবে সামুদ্রিক দ্বন্দ্ব নিরসনের পক্ষে মত দেন। তিনি প্রাকৃতিক বিপর্যয় এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সব দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, পারস্পরিক ভরসা এবং বিশ্বাস এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই বিশ্বে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে।
তিনি অবাধ বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সব বাধা তুলে দেওয়া উচিত। অবাধ সামুদ্রিক বাণিজ্য প্রাচীনকাল থেকে ভারতের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমুদ্রপথে কতটা সক্রিয়ভাবে বাণিজ্য হচ্ছে, তার ওপর আমাদের সমৃদ্ধি এবং উন্নতি নির্ভরশীল। সেক্ষেত্রে কোনো বাধা তৈরি হলে বিশ্বব্যাপী অর্থনীতি ধাক্কা খাবে। একই সঙ্গে তিনি বলেন, সামুদ্রিক পরিবেশ এবং সম্পদকেও সংরক্ষণ করতে হবে।
