অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩০

ভিডিও ফুটেজে দেখা যায় যে শিশুটি বল খেলছিল। পরবর্তীতে একটি খালি রিকশায় ওঠে সেই শিশু। রিকশাচালক রিকশা নিয়ে চলে যায়। এরপর থেকে সেই শিশুর কোনো খোঁজ মিলছিল না। অবশেষে চার দিন পর সেই শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পাঁচ বছর বয়সি শিশুটির নাম জিসানুল ইসলাম আকাইব। রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকা থেকে ৬ আগস্ট বিকালে নিখোঁজ হয়ে যায় জিসান। এ ঘটনায় সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার পর শিশুটির পিতা পরদিন খিলগাঁও থানায় একটি অপহরণের মামলা করেন। গতকাল সোমবার দুপুরে নন্দীপাড়া এলাকার একটি পাঁচ তলা বাড়ির নির্মাণাধীন দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে জিসানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশুর বাবা আব্দুল মালেক জানান, বাচ্চা নিখোঁজের আধঘণ্টার মধ্যে পুলিশকে খবর দেওয়া হয়। কারা ধরে নিয়ে গেছে, সে বিষয়ে ভিডিও ফুটেজও পুলিশকে দেওয়া হয়। কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয়নি। পুলিশ যদি তাত্ক্ষণিক এলাকায় অভিযান চালাত, তাহলে তার ছেলেকে জীবিত উদ্ধার করতে পারত।

খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম বলেন, অপহরণের পরের দিন শনিবার জিসানের পরিবার একটা অপহরণ মামলা করে। জিসানের বাবা পেশায় একজন পোশাকশ্রমিক। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। ভিডিও ফুটেজে দেখা সেই রিকশাচালককে আমরা সন্দেহ করেছি। তবে তাকে শনাক্ত করা যায়নি। মাথায় ক্যাপ পরে থাকায় তার মুখের অবয়ব স্পষ্ট দেখা যায় না। খুনিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা করছে। শিশু জিসানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।