নারায়ণগঞ্জের আলোচিত কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বাড়িতে রবিবার রাতভর দফায় দফায় হামলা করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় গতকাল সোমবার বিকালে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়ারি করেছেন কাউন্সিলর খোরশেদের স্ত্রী আফরোজা খন্দকার লুনা। এসময় তিনি হামলার সময়ের ছবি ও ভিডিও দেখান সাংবাদিকদের। এতে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকার মো. ইমরানের পুত্র ইসতু (২৮) ছাড়াও অজ্ঞাত চার-পাঁচ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে লুনা বলেন, গত রবিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তিরা রামদা, বটি, হকিস্টিকসহ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের বাড়ির সামনের রাস্তায় এসে আমার স্বামী ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও তার বড় ভাই অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। এরপর তারা সাদা রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-৩৫৩৫) যোগে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আবার তারা সংঘবদ্ধ হয়ে সেই গাড়িতে করে রাত ১টার পর ঘটনাস্থলে আসে এবং এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা চাপাতি, বটি এবং হকিস্টিক দিয়ে আমার বাড়ির গেটে এলোপাতারি আঘাত করে ও কোপাতে থাকে। সন্ত্রাসীদের হামলায় আমার স্বামী কাউন্সিলর খোরশেদের কার্যালয়ের জানালার গ্লাস, বাড়ির প্রধান দরজাসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর আবার তারা কাউন্সিলর খোরশেদ ও তৈমূর আলম খন্দকারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িসহ ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার বিষয়ে আমি তাত্ক্ষণিক ৯৯৯-এ অবহিত করিলে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আফরোজা খন্দকার লুনা জানান, আমি অভিযোগ দায়ের করেছি এবং আশা করছি প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের আইনের আওতায় আনবে।
