সৌদিতে অর্ধশতের বেশি ফিলিস্তিন ও জর্ডানের নাগরিকের কারাদণ্ড

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩০

সৌদি আরবের একটি আদালত ফিলিস্তিন এবং জর্ডানের ৬৯ নাগরিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। যদিও ঐ সন্ত্রাসী সংগঠনের নাম জানা যায়নি। হামাস এই কারাদণ্ডের নিন্দা জানিয়েছে। খবর আলজাজিরার

গত বছর হিউম্যান রাইটস ওয়ার্চ এক রিপোর্টে জানিয়েছিল, ২০১৮ সালের মার্চে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এসব দোষীকে গ্রেফতার করা হয়। রবিবার আদালতের এই রায়ের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সাজা দেওয়ার ৪০ দিন পর আপিল করা যাবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যবিষয়ক উপপরিচালক মাইকেল পেইজ বলেন, সৌদি আরবে অনৈতিক বিচারের অভিযোগ দীর্ঘদিনের। তাই গ্রেফতারকৃতরা অন্যায়ের শিকার হতে পারেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতেও অনেক ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছিল। ফিলিস্তিনের হামাসের দুই প্রতিনিধিকেও কারাদণ্ড দেওয়ার তথ্য জানা গেছে। মোহাম্মদ আল খুদাইরিকে ১৫ বছর এবং তার ছেলে হানিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কাউকে কাউকে ২২ বছরও কারাদণ্ড দিয়েছে আদালত। হামাস এই সাজার কড়া নিন্দা জানিয়েছে।