আওয়ামী লীগের নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত মনির খান ওরফে দর্জি মনিরকে কারাগারে পাঠিয়েছে আদালত। মনির ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে একটি ভুঁইফোঁড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের চার দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দর্জি মনিরের বিরুদ্ধে গত ৩ আগস্ট কামরাঙ্গীরচর থানায় ঈসমাইল হোসেন নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। তিনি এজাহারে বলেন, একটি ছোট দর্জির দোকানে চাকরি করতেন মনির। হঠাত্ করে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন রাজনৈতিক নেতার বন্ধু হন। এরপর একেক সময় একেক রাজনৈতিক পদবি, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রী-এমপির সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়ে নিজেকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করে প্রতারণা শুরু করেন মনির।
