দুদকের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, এক জন আটক

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০০:৩০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার সময় এক যুবককে আটক করেছে দুদক টিম। ঐ যুবকের নাম জাহাঙ্গীর আলম। তিনি নিজেকে দুদকের সহকারী পরিদর্শক পরিচয় দিয়ে প্রতারণা করতেন। গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে আটক করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মু আরিফ সাদেক জানান, জাহাঙ্গীর আলম নিজেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণা করত বলে অভিযোগ রয়েছে। কমিশন তাকে রমনা থানায় হস্তান্তর করবে বলে তিনি জানান।

দুদক সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার চৌহালীর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাহহার সিদ্দিককে তিনি দুদকের সহকারী পরিচালক পরিচয় দিয়ে অনৈতিকভাবে টাকা দাবি করেন। আব্দুল কাহহার সিদ্দিক এ ঘটনা কমিশনে জানালে কমিশনের একটি টিম রাজধানীর সেগুনবাগিচা থেকে তাকে আটক করে।