করোনা মোকাবিলায় আরও ৯৭ কোটি টাকা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০২:০০

করোনা মহামারি মোকাবিলায় জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশকে আরও ১ কোটি ১৪ লাখ ডলার (প্রায় ৯৭ কোটি টাকা) দেবে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির মাধ্যমে এই অর্থ দেওয়া হবে। সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেওয়া এই সহায়তা জীবন-রক্ষাকারী মেডিক্যাল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ এবং দেশ জুড়ে কার্যকর কোভিড-১৯ টিকা প্রচারাভিযানের জাতীয় প্রচেষ্টাকে ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশকে বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করবে। এছাড়া নতুন এই সহায়তা বাংলাদেশের কমিউনিটিতে ভাইরাস সংক্রমণ কমানোর লক্ষ্যে গৃহীত প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে সাহায্য করার পাশাপাশি দেশব্যাপী ক্রমবর্ধমান রোগীদের মানসম্মত চিকিত্সা প্রদান ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে।

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে মোমেনকে চিঠি পম্পেও'র

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, ঐতিহাসিক আমেরিকান রেসকিউ প্ল্যান (আমেরিকান উদ্ধার পরিকল্পনা) এর মাধ্যমে দেওয়া এই বর্ধিত অনুদান বাংলাদেশকে কোভিড-১৯ মোকাবিলায় আমাদের দেওয়া চলমান সহায়তারই অংশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলা কার্যক্রমে সহায়তাকারী সর্ববৃহত্ দাতা দেশ। বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। মহামারির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 

 

ইত্তেফাক/ইউবি