বিনোদন রিপোর্ট
হাতে একাধিক ছবির কাজ থাকলেও করোনার কারণে অন্যদের মতো শাকিব খানের সিনেমাগুলোর শুটিংও বন্ধ ছিল। কিন্তু এবার সেই বিরতীর পালা শেষ হচ্ছে। শুটিংয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবির শুটিং দিয়ে ফিরছেন তিনি। লকডাউন শিথিল করায় একটানা ছবিটির কাজ শেষ করতে চান শাকিব। আর ১০ দিন শুটিং করলেই ছবিটির কাজ শেষ হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ছবিটির নির্মাতা তপু খান বলেন, ‘আগেই ছবিটির বেশিরভাহ কাজ শেষ করেছি। আর মাত্র ১০ দিনের শুটিং বাকি রয়েছে। তবে এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চাই। ছবি নায়ক-নায়িকার সঙ্গে সেভাবেই আলোচনা হয়েছে। সকলেই শুটিংয়ে অংশ নিচ্ছেন।’ আজ এফডিসিতে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই ছবিটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শবনব বুবলী। উল্লেখ্য, এর আগে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় ছবিটির শুটিং স্থগিত করা হয়। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে শেষ লটের শুটিং করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির সমন্বয়ক সুজন আহমেদ। গত ফেব্রয়ারিতে ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটির ঘোষণা দেওয়া হলেও ২৫ মে থেকে শুটিং শুরু হয়। ছবিটির প্রথম লুক প্রকাশ হওয়ার পর দর্শকমহলেও দারুণ সাড়া ফেলে। ফলে এরইমধ্যে শাকিব ভক্তদের মাঝে ছবিটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।‘ লিডার আমিই বাংলাদেশ’ ছবিটিতে শাকিব-বুবলী ছাড়া আরো অভিনয় করছেন ফকরুল বাশার, মিলি বাশার, সিয়াম নাসেরসহ অনেকে।
