বিনোদন ডেস্ক
বর্তমানে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট। বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমার শুটিং ও মুক্তি নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। অন্যদিকে প্রায় ২ বছর আগে বলিউড সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা গেলেও হলিউড সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে এরইমাঝে নিজেদের ভক্তদের মন ভালো করা খবর দিয়ে শিরোনামে এলেন তারা। ফারহান আক্তারের পরবর্তী সিনেমায় একসঙ্গে পর্দা ভাগাভাগী করবেন এই তিন অভিনেত্রী! রোড ট্রিপ গল্পের এই সিনেমাটি চিত্রনাট্য করছেন জয়া আক্তার। ‘জে লে জারা’ শিরোনামের এই সিনেমাটির মাধ্যমে প্রথমবার এই তিন তারকাকে একসঙ্গে দেখবেন তাদের ভক্তরা। নিজের ইনস্টাগ্রামে আলিয়া-ক্যাটরিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘যারা সেই ২০১৯ সালে বৃষ্টি ভেজা রাতের প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর। আমার প্রিয় দুই বন্ধু ক্যাটরিনা ও আলিয়াকে নিয়ে ফিরছি। সিনেমাটিতে তিনজনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত! বলার অপেক্ষা রাখে না হিন্দি সিনেমায় তারা অনবদ্য। ফোনে সিনেমাটি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করেই এগিয়েছি। এটা আমাদের বন্ধুত্বের উদযাপন!’ উল্লেখ্য, শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। আলিয়ার প্রডাকশন হাউজ ‘টাইগার বেবি’ ও এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে।
