অণুরূপকথা : দুপেয়ে দৈত্য

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:০৭

অমিত কুমার কণ্ডু

 

কয়েকটা কোলাব্যাঙ আর কিছু টিকটিকি একটা পুরাতন বাড়িতে আস্তানা নিয়েছিল। সেই বাড়িতে একদল চামচিকারও বসতি।

ছোট বড় বিভিন্ন রকমের পোকামাকড় ধরে খায় কোলাব্যাঙ। তেলাপোকা, উইপোকা, বিভিন্ন ধরনের গুবড়ে পোকা ধরে খায় টিকটিকি। চামচিকাও পোকা খায়। পাশাপাশি কলা, পেয়ারা, সবেদা জাতীয় ফলের রস শুষে খায়। সকলেই যেহেতু পোকা ধরে খায়, কয়েকদিনের মধ্যেই একে অপরের সঙ্গে ভাব হয়ে গেল। কোলাব্যাঙ, টিকটিকি আর চামচিকারা মনের আনন্দে বসবাস করতে লাগল।

একদিন কিছুু মৌমাছি উড়ে এলো সেই বাড়িতে। এসে চাক বাঁধল। উড়ে এলো কিছু ভিমরুল। এসে বাসা বাঁধল। উড়ে এলো কিছু প্রজাপতি। বাগানের ফুলে ফুলে এসে বসল দুপুর রোদে। পতঙ্গ-মাছি-মাকড়সায় পুরাতন বাড়িটা ভর্তি হয়ে গেল।

মৌমাছি, ভীমরুল খেয়ে টিকটিকিরা বেশ আরামেই আছে। পোকামাকড় খেয়ে কোলাব্যাঙেরাও দিন দিন মোটা হয়ে যাচ্ছে। একদিন এলো একটা সাপ। সে এসে একটা ব্যাঙ ধরে খেল। একদিন এলো একটা ঈগল। এসে একটা টিকটিকি ধরে খেল। সবার শেষে সেই বাড়িতে এলো এক দুপেয়ে দৈত্য। সে সাপ, ব্যাঙ, টিকটিকি, মৌমাছি, ভীমরুল, চামচিকা সবাইকে তাড়িয়ে দিয়ে নিজেই বসবাস করতে লাগল।

অলংকরণ :অবিনাশ আচার্য