ব্যুত্পত্তি জামাই নাকি বর!

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:১৩

 

বাংলা একাডেমির সমার্থক শব্দ কোষ অনুযায়ী স্বামী শব্দের বিকল্প বর, পতি, দয়িত, কান্ত, নাথ ইত্যাদি শব্দ দেখা যায়। প্রশ্ন হচ্ছে, জামাই শব্দ এলো কোথা হতে? জামাই শব্দের অর্থ নিজের স্বামী নাকি মেয়ের স্বামী?

‘জামাই’ কথাটার মূল সংস্কৃত ‘জামাতা’ শব্দ। এই সংস্কৃত ‘জামাতা’ আর ফারসি ‘দামাদ’ শব্দ আবার একই মূল থেকে এসেছে। এই দুই শব্দেরই অর্থ ‘মেয়ের স্বামী’। সেই দৃষ্টিকোণ থেকে বাংলা জামাই শব্দটিও মেয়ের স্বামী অর্থে ব্যবহার হওয়ার কথা। কিন্তু সেই আদিকাল থেকে আমাদের সমাজে নিজের স্বামী বোঝাতে জামাই শব্দের ব্যবহার হয়ে আসছে!

বাংলা অভিধানে জামাই-এর সংজ্ঞা—‘জামাই 

বি. কন্যার স্বামী, জামাতা। [সং. জামাতৃ]। আদর বি. শ্বশুরালয়ে জামাই যেমন আদরযত্ন পায় সেইরকম যত্ন; পরম সমাদর। বরণ বি. বিবাহ উপলক্ষ্যে কন্যাগৃহে সমাগত পাত্রকে কন্যাপক্ষীয় স্ত্রীলোকদের দ্বারা বরণের অনুষ্ঠানবিশেষ। ষষ্ঠী বি. জ্যৈষ্ঠ মাসের শুল্কষষ্ঠীতে হিন্দুদের জামাইবরণের অনুষ্ঠান।

‘জামাই’ শব্দের ইংরেজি ‘সন ইন ল’। ‘সন ইন ল’ বা আইনগত পুত্র যা মেয়ের স্বামী। তাহলে বলা যায়, জামাই শব্দটি ব্যবহার হয় মেয়ের স্বামী বোঝানোর জন্য। কিন্তু নিজের বর বা স্বামীকেও জামাই বলছি অর্থাত্ মেয়ের বর হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছি!

মো. নাজমুচ্ছাকিব