সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২০:৫৫

ইত্তেফাক ডেস্ক

বরিশাল ও নড়াইলের কালিয়ায় তিন মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বরিশাল অফিস জানায়, বরিশাল নগরীর বান্দরোড এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে নগরীর ভাটিখানা এলাকার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আহমেদ হোসেন রুবেল (৩০) ও কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী উজ্জল মাতুব্বর (৩৫)। মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, আমতলার মোড় সংলগ্ন এলাকার বান্দ রোডে ঐ দুই যুবককে বহনকারী মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর মোটর সাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক পোস্টের সঙ্গে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, কালিয়ায় সোমবার রাতে সড়ক দুর্ঘটনায় নয়ন বিশ্বাস (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। কালিয়া-খুলনা সড়কের বারইপাড়া মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নয়ন উপজেলার বড়কালিয়া গ্রামের নান্টু বিশ্বাসের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ কনি মিয়া বলেছেন, নয়ন মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বারইপাড়া ফেরিঘাটে অপেক্ষমাণ একটি ট্রাকের ওপর আছড়ে পড়লে আহত হন। মূমুর্ষূ অবস্থায় তাকে কালিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।