বেদে—জলের জিপসি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:০৫

আমাদের দেশের অতি পরিচিত প্রান্তিক যাযাবর গোষ্ঠী হলো বেদে। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, আমাদের দেশে বেদের সংখ্যা আট লাখ। কেউ কেউ এদেরকে জলের জিপসিও বলে থাকেন। তারা জীবনের অধিকাংশ সময়ই নদীতে নৌকায় ভেসে বেড়ায়। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি সবকিছু জড়িয়ে থাকে নৌকা আর নদীকে কেন্দ্র করে। নৌকার মধ্যেই চলে তাদের ঘর-সংসার। জন্ম-মৃত্যু-বিয়ে সবকিছুই নদীতেই। তাদের নিজস্ব কোনো ভূমি নেই। জোয়ারভাটার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের জীবনের গল্প। ঘাটে ঘাটে নৌকা ফেলা আবার নোঙর তুলে নিয়ে অন্যত্র ছুটে চলা তাদের প্রতিদিনের চিত্র। তারা নাগরিক জীবনের অধিকাংশ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। বেদে সম্প্রদায়ের প্রায় ৯৮ শতাংশ সদস্য দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এদের বিশুদ্ধ পানি কিংবা স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থার তীব্র সংকট। ভাসমান জীবনযাপনের ফলে বেদেরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া উচিত। তাদেরকে সমাজে অন্য সব মানুষের মতো জীবনযাপন করার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. আশরাফুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়