সকলের প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:১৫

টাঙ্গাইলে সেনাপ্রধান

টাঙ্গাইল প্রতিনিধি

সকলের সমন্বিত প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। যদি সরকার আবারও কঠিন লকডাউন দেয়, আমরা এভাবেই সম্মিলিতভাবে কাজ করব বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি গতকাল বেলা ১১টার দিকে টাঙ্গাইলে সেনাবাহিনীর অপারেশন কোভিড শিল্ড পর্ব-২-এর আওতায় টহল কার্যক্রম পরিদর্শনকালে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, চলমান লকডাউনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ সকলের সঙ্গে মিলে সেনাবাহিনী অত্যন্ত ভালোভাবে কাজ করেছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে, আমাদের সমন্বিত প্রচেষ্টার ফলে আমরা করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।  এর আগে তিনি হেলিকপ্টারযোগে টাঙ্গাইল স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে সেনা কর্মকর্তাদের নিয়ে শহরের নিরালামোড় ও ভিক্টোরিয়া রোডে টহলরত সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন ও কুশল বিনিময় করেন। এছাড়া তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সঙ্গে লকডাউনের বিষয় নিয়ে কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং উক্ত এলাকার জন্য দায়িত্বপ্রাপ্ত ৯৮ সংমিশ্রিত ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম আসাদুল হক।