মানতে হবে স্বাস্থ্যবিধি
বরিশাল অফিস
কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পর আজ বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে গণপরিবহন চলাচল। বরিশাল-ঢাকাসহ দেশের সব রুটে লঞ্চ-বাস চলাচলের প্রস্তুতি শুরু হয়েছে। বরিশাল নদীবন্দরে নোঙর করা লঞ্চগুলো গতকাল মঙ্গলবার ধোয়া-মোছা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের প্রস্তুতি নিয়েছেন তারা। ঢাকামুখী যাত্রীদের চাপও রয়েছে অনেক। লঞ্চের কেবিনের আগাম টিকিটের চাহিদাও রয়েছে। ২০ দিন পর লঞ্চ চলাচল শুরুর খবরে খুশি নৌযান শ্রমিকরা।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে লঞ্চগুলোকে। ব্যত্যয় হলেই নেওয়া হবে ব্যবস্থা। করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনকালীন বরিশাল নদীবন্দরে নোঙর করা ছিল বিলাসবহুল ৯টি লঞ্চ। লঞ্চগুলোতে ধুলো-ময়লা জমে যায়। সরকারের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে লঞ্চগুলোতে যাত্রী পরিবহনের উপযোগী করে তোলা হয়েছে। গতকাল মঙ্গলবার নদীবন্দরে গিয়ে দেখা গেছে, নৌযান শ্রমিকরা ঝাড়ু দিয়ে ধোয়া-মোছা করে লঞ্চগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন করছে। দীর্ঘদিন পর লঞ্চ চালুর খবরে উত্ফুল্ল তারা। স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চ চলাচল করতে চান তারা। লঞ্চগুলোর টিকিট কাউন্টারেও অনেক ভিড় দেখা গেছে। প্রতিটি লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি প্রায় শেষ হয়ে গেছে।
বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা মেনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালাতে হবে। লঞ্চগুলো ধারণক্ষমতার সমসংখ্যক যাত্রী পরিবহন করতে পারবে। সাধারণ সময়ের নির্ধারিত ভাড়ায় যাত্রীরা চলাচল করতে পারবেন বলে তিনি জানান।
