সিলেটে করোনা রোগীর জন্য হেল্প ডেস্ক চালু করল মোমেন ফাউন্ডেশন

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:২৬

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীর জন্য হেল্প ডেস্ক চালু করেছে মোমেন ফাউন্ডেশন। এই হেল্প ডেস্কের মাধ্যমে অসহায় ও দরিদ্র করোনা রোগীর জন্য বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ এবং ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করা হবে। এছাড়া এই ডেস্ক ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনে সহায়তা করবে। গতকাল মোমেন ফাউন্ডেশনের এ কার্যক্রমের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় সিলেটের খাদিমপাড়া হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল এবং দক্ষিণ সূরমা হাসপাতালে ৪৫টি অক্সিজেন সিলিন্ডার ও দুইটি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করে সংস্থাটি। করোনা মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সিলেটের সব ডাক্তার ও নার্সসহ সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন বলেন, মানুষের জন্য কাজ করার জন্য মোমেন ফাউন্ডেশন সৃষ্টি করা হয়েছে। এ সংস্থা সব সময় অসহায় ও দরিদ্রদের পাশে থাকবে। —প্রেস বিজ্ঞপ্তি