চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আর্থিক লেনদেন ও পূর্বশত্রুতার জেরে চাঁপাইনবাবগঞ্জের চর ইসলামাবাদ এলাকায় বাবু আলী (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ চর ইসলামাবাদের শেখ হাসিনা সেতুসংলগ্ন একটি খেত থেকে বাবুর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠিয়েছে। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চর ইসলামাবাদের চরি গ্রামের মৃত কোরবান হোসেনের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকাল ৯টার দিকে একটি খেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে। নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।
