স্পোর্টস রিপোর্টার
দুই দলই পূর্ণ শক্তির ছিল না। নিয়মিত ও অভিজ্ঞ কয়েক জন ক্রিকেটার ছাড়াই পাঁচ ম্যাচের সিরিজটা খেলেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া। হোম সিরিজে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার করেছে টাইগাররা, সফরকারীদের বিধ্বস্ত করে ৪-১ এ সিরিজ জিতেছে। ধরা দিয়েছে অনেক অর্জন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম বার টি-টোয়েন্টিতে জয়, সিরিজ জয়ের গৌরব অর্জন করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। মিরপুর স্টেডিয়ামের স্লো, লো বাউন্সের উইকেটে মানিয়ে নিতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে মাত্র ৬২ রানে অলআউট হয়েছে অজিরা। টাইগারদের পারফরম্যান্সের প্রশংসা এখন সর্বত্র।
এর মধ্যেই অবশ্য প্রশ্ন উঠেছে, কয়েক মাস পরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এখন এমন ১২০-১৩০ রানের উইকেটে খেলে বিশ্বকাপের প্রস্তুতি কতটা হচ্ছে? এ ধরনের উইকেটে খেলে লাভ কি?
বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, সিরিজ বাই সিরিজ পরিকল্পনায় খেলেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ প্রস্তুতির চেয়ে অস্ট্রেলিয়াকে হারানোর দিকেই ফোকাস করা হয়েছে বেশি। কন্ডিশনের সঠিক ব্যবহার করেছেন ক্রিকেটাররা। যা দেখে সন্তুষ্ট তিনি। গতকাল জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন, ‘হারলে তো অনেক কথা হতো। আমার মনে হয় অস্ট্রেলিয়াকে হারানো সহজ নয়। হোমে অস্ট্রেলিয়াকে হারানো সম্ভব এটা আমাদের ছেলেরা দেখিয়ে দিয়েছে।’
উইকেটের ধরন নিয়ে প্রশ্নে নান্নু বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে স্লো এবং লো পিচে খেলা ও জেতাকে নেতিবাচক চোখে দেখার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি, তাদের হারাতে যেমন কন্ডিশন দরকার ছিল, তেমনটাই আমরা তৈরি করেছি।’
হোম কন্ডিশনের ফায়দা তুলে নিতে পারায় খুশি নান্নু। দ্বিপাক্ষিক এ সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিকে বড় গুরুত্ব দেওয়া হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টাই মুখ্য ছিল স্বাগতিকদের পরিকল্পনায়।
প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা সিরিজ বাই সিরিজ চিন্তা করেছি। বিশ্বকাপের এখনো কয়েক মাস বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে হোম সিরিজ, টিম অস্ট্রেলিয়াকে নিয়েই ভেবেছি। আমরা এখনই মানে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজকেই বিশ্বকাপের প্রস্তুতি বলে ভাবিনি। এ সিরিজকে কোনোভাবেই বিশ্বকাপ প্রস্তুতির অংশ মনে করি না।’তিনি আরও বলেন, ‘একইভাবে নিউজিল্যান্ডের সাথে সিরিজের আগেও আমরা ঠিক একই চিন্তায় এগোব। তারপর যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ আসবে, তখন আমরা নিজেদের রণকৌশল ঠিক করব।’ সিরিজ শেষে সোমবার রাতেই অস্ট্রেলিয়া দল ফিরে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররাও ছুটিতে বাসায় চলে গেছেন। জিম্বাবুয়ে সফর থেকে লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে কাটাতে হয়েছে সবাইকে।
