মোহামেডানের দশম জয়

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৩৪

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা চলে গেছে বসুন্ধরা কিংসের শোকেসে। মোহামেডানের দুশ্চিন্তা ছিল না শিরোপা নিয়ে। তারা চেয়েছিল দলটাকে বাঁচাতে। ফুটবল মাঠে যেভাবে নিচের দিকে নামছিল তাতে আশঙ্কা দিনে দিনে বাড়ছিল বই কমছিল না। এখন আগের চেয়ে ভালো অবস্থানে মোহামেডান। গতকাল বিকালে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে মোহামেডান ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। প্রথমার্ধে গোল করেছেন শাহেদ মিয়া এবং দ্বিতীয়ার্ধে অধিনায়ক মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে।

এই জয় মোহামেডানকে পঞ্চম স্থানে নিয়েছে। ২০ খেলায় দশম জয় এটি। বাকি ১০ খেলার মধ্যে ছয়টি ড্র এবং চারটি হার রয়েছে। বসুন্ধরার কাছে হেরেছে দুই বার, বাকি হার শেখ জামাল এবং সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। চার ড্রয়ের মধ্যে রয়েছে শেখ রাসেল, আবাহনী, পুলিশ, বারিধারা এবং চট্টগ্রাম আবাহনী। এর মধ্যে আবাহনীর বিপক্ষে দুই বার ড্র করেছে। গতকাল ব্রাদার্সকে হারিয়ে মাঠ হতে বেরিয়ে যাওয়ার সময় মোহামেডানের ফুটবল কর্মকর্তা আবু হাসান চৌধুরী প্রিন্স আফসোস করছিলেন পুলিশের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি নিয়ে। ১৭ মিনিটে গোল করে এগিয়ে থাকা মোহামেডান ৮৬ মিনিটে গোল হজম করে ৩ পয়েন্ট পায়নি। প্রিন্স বলছিলেন, ‘যদি পুলিশের তিন পয়েন্ট পেতাম তাহলে টেবিলে আজকে ভালো জায়গায় থাকতে পারতাম।’ আর্মি স্টেডিয়ামের মাঠের প্রশংসা করল মোহামেডান। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেমটা খুবই খারাপ। আর্মি স্টেডিয়ামে খেলা চলাকালিন প্রবল বর্ষণ হয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে ২০ মিনিটেরও বেশি বৃষ্টি হয়েছে। তাতেও নাকি মাঠে পানি জমেনি বলছিলেন প্রিন্স। তিনি বলেন, ‘আর্মি স্টেডিয়ামের ড্রেন ভালো। ভেজা মাঠে ৮৩ মিনিটে অধিনায়ক সুলায়মান দিয়াবাতের গোল মোহামেডানকে জয়ের পথ নিশ্চিত করে। আগামী শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ। ড্র আর হার-জিতের মধ্যে রয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। গতকাল আবার হেরেছে শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৪-২ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। এই সাফের কাছে প্রথম পর্বেও হেরেছিল শেখ রাসেল, ২-১ গোলে। এবার হারল বড় ব্যবধানে। অধিনায়ক জামাল ভুঁইয়ার সাইফ স্পোর্টিংয়ের এটি দশম জয়। ১৯ খেলায় ৩২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আর একধাপ নিচে শেখ রাসেল, ২০ খেলায় ৯ জয়ে ৩০ পয়েন্ট।  আজ কোনো খেলা নেই।