টেলিফিল্মে প্রতিবন্ধী ব্যক্তিদের হেয় করায় সংশ্লিষ্টদের শাস্তি দাবি

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

একটি চ্যানেলে প্রচারিত ‘ঘটনা সত্য’ নামের টেলিফিল্মে প্রতিবন্ধিতাকে ‘বাবা-মার পাপের ফল’ হিসেবে প্রচার করায় বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদের অভিভাবক ও সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাদের দাবি সংশ্লিষ্ট চ্যানেল, টেলিফিল্মের নির্মাতা, কলাকুশলী ও সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর ৩৭(৪) ধারা বাস্তবায়নের ওপর নজরদারি রাখা, ধারা অনুসরণের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রস্তাবিত ‘বৈষম্য নিরোধ বিল’ অবিলম্বে জাতীয় সংসদে পাশ করতে হবে বলে জানিয়েছেন বক্তারা। গতকাল অনলাইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠী ও তাদের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম, সভা ও টিভি টকশোতে প্রতিবন্ধিতাকে গালি হিসেবে ব্যবহার করা হয়, যা একদিকে যেমন প্রতিবন্ধী মানুষকে অসম্মানিত করে, অন্যদিকে তা সিআরপিডি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন এবং সর্বোপরি বাংলাদেশের সংবিধান পরিপন্থি।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, এসব ঘটনায় দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারলে, প্রতিবন্ধী মানুষের প্রতি অবজ্ঞাসুলভ আচরণ, নেতিবাচক শব্দের প্রয়োগ ও অসদাচরণ দূর হবে।