‘বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নে প্রেরণা জুগিয়েছেন বঙ্গমাতা’

আপডেট : ১০ আগস্ট ২০২১, ২১:৪৪

জাবি সংবাদদাতা

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন দেখার প্রেরণা জুুগিয়েছেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব। নীতির প্রশ্নে বঙ্গবন্ধু কখনো আপস করেননি।

বঙ্গমাতা নেপথ্যে থেকে আপস না করার পরামর্শ দিয়েছেন। বঙ্গমাতা পরিবার ও সংসার সামলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন। গতকাল বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা’ শীর্ষক স্মারক বক্তৃতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ও জাতির পিতা হয়ে ওঠার পেছনে বঙ্গমাতা অবদান রেখেছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক। এতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন হলের প্রভোস্ট, অফিস প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।